সাবিত্রী দাসের দুটি কবিতা --
ভালোবেসে
জ্যোৎস্না চুঁয়েছে স্বপন ছুঁয়েছে মৌন মুখর প্রাণে
দিগন্তে মেঘ হাতছানি দিয়ে সোনালী স্বপন আনে।
মায়াবী সে মেঘ ঝুঁকে ঝুঁকে আসে স্বপ্নের সিঁড়ি বেয়ে,
পরীদের সাথে আনন্দে মাতে জ্যোৎস্নার গান গেয়ে।
হয়তো বা কেউ নীরবে নিভৃতে দিন গোনে একা একা ,
মনেও পড়ে না কবে যেন তার হয়েছিল শেষ দেখা।
বুকের আগুনে আগুন নিভেছে হতাশ দীর্ঘশ্বাসে,
তবুও জীবনে জীবন জুড়েছে অযথা সর্বনাশে।
তুমি এলে
সাবিত্রী দাস
তুমি এলে বোধের গভীরে সূর্য ওঠে,
অনুভবে কত বোঝা-পড়া।
ইমনের মূর্চ্ছনা কিংবা কখনো বেহাগে
মূর্ত জীবনের জলছবি।
স্বপ্নেরা নিরন্তর ভেসে যায়, নিয়ত প্রবাহে
অনুভবে কত ওঠা-পড়া !
বুকের গভীরে অলক্ষ্যে বেজে যায়.....
বিদায় বেলার অনন্ত ভৈরবী।
No comments:
Post a Comment