Thursday, 3 February 2022

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --

 রোড শো ২০২১ 
------------------------
আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র
রামধনু পায়রা উড়িয়ে......
কালো কালো মাথাগুলো কালোজাম মনে হয়
কথার ভাইরাস গলা বেয়ে নেমে
কাদার লোহিত স্রোতে হাড়হিম নর্দমার
রোড শো মিলিয়ে গেলে
রাস্তাটা ঝিমায় সন্ধ্যায়

 ওই ওরা আসে অন্ধকারে
প্লাস্টিক মোড়া চুপি চুপি মিছিলে
আবার ...আবার...আবার....
আরও ...আরও...
রোড শো করতে করতে চলে যায়
পরিচয়হীন
অশ্রুহীন
বর্ণহীন
পতাকা হীন

পথ কষে চলে, আজ কাল পরশুর অঙ্ক.......

------------------------------
২)

 এসো ছুঁয়ে ছুঁয়ে থাকি / শম্পা বণিক
-------------------------------
অ্যাম্বুলেন্সের আর্তনাদে বালিশ চাপা দেয় কান
চোখ খুললেই প্লাস্টিক মোড়া এ কোন ন্যাড়াপোড়া.......
আগুন ভেজে নিজের কান্নায়
বারুদ ছড়ানো মাঠেঘাটে
মিউজিক্যাল চেয়ারে ঘোরে মানবতার শব
তবু তোমার আমার ঘরে ঘরে উৎসব !
থামো
এসো পালন করি
দু মিনিট নীরবতা.......
মানুষে মানুষে এসো ছুঁয়ে ছুঁয়ে থাকি
শিরদাঁড়া খুঁজে পাবই পাব ঠিক
থামো
এসো পালন করি এবার
দু মিনিট নীরবতা......

----------------------------

৩)
তবু ফিরে যেতে হয়/ শম্পা বণিক
------------------
গতরাতে যে মেয়েটার স্বপ্নগুলো জলছবি হয়ে গেলো
সেও একদিন কাগজওয়ালার কাঁধে তুলে দেবে সব
বিষন্ন ভোর কেটে গেলে, নিয়মে........
আলোয় ফেরাই জীবনের নিয়তি
বুঝেছিলাম সেদিন যেদিন এক কাকভোরে
ধোঁয়ার কুণ্ডলী বেয়ে আকাশের ক্যানভাসে 
লেগেছিল তেতো বাৎসল্যের রং
ওরা জল ঢেলে তেতো কেটেই ফিরেছিল ঘরে
বিষন্ন ভোর ছুঁয়ে নেমেছিল আলোর সকাল, নিয়মে.......

সামিয়ানা উড়ে গেলেও
এভাবেই ভেজা ভোরেরা আসে দেখেছি প্রতিবার
তবু ফিরে যেতে হয় .....
পৃথিবীর আলোর আয়োজনে ।
ফিরে যেতে হয় কবির গানে........
"আরও বেদনা আরও বেদনা প্রভু দাও মোরে আরও চেতনা"........
আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো"

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......