কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা--
বিজ্ঞাপন
চারিদিকে যারা
এদিক ওদিক ঘুরছে ,
মুখেতে হাসির কিংবা
খুশীর মুখোশ এঁটে ,
পোশাকের আড়ালে
ধারালো অস্ত্রের ফলা ,
বিষাক্ত নিশ্বাসে
আবহাওয়া থমথমে ।
দূরে শোনা যাচ্ছে কাদের
পদশব্দ , কারা যেন আসছে
তবু কিছুই দেখোনা ভদ্রসমাজ
দেওয়ালেতে সাঁটা বিজ্ঞাপনঃ
নীরবতা বজায় রাখুন
পাগলা নিতাই
চারপাশে ধূলো বালি মাখা পৃথিবীতে ঈশ্বরের মতন মাটিতে বসে আছে পাগলা নিতাই।
দু চারটে অবশিষ্ট গাছে কাকেরা কর্কশ কন্ঠে গালি দিচ্ছে যত সাফল্যের দিকে।
চায়ের দোকানে বাতেলাবাজেরা বিস্তর জ্ঞান বিলাচ্ছে পাকা ও বোকাদের উদ্দেশ্যে।
মাখন মাখা সুন্দরীরা বিস্তর সেজে গেস্টহাউসে সেক্স বিক্রি করছে কামুক দু নম্বরীদের।
হারিয়ে যাচ্ছে বিবেক বোধ আর মনুষ্যত্ব।
বেপরোয়া গাড়ি ছুটে বেড়াচ্ছে বেখাপ্পা রাস্তায়।
দেশকে রক্ষা করেও মধ্যবিত্তের পেটে লাথি পড়ছে।
সব শাসকের চরিত্র এক, প্রত্যেকেই স্বৈরাচারী।
গুন্ডা পুলিশের বন্ধুত্ব দেখে আতঙ্কে নাগরিকেরা।
নিরাপত্তাহীন সমাজ ব্যবস্থায় যে যা পারছে লুটে বেড়াচ্ছে।
ফূর্তি করছে মদ্যপরা ড্রাগসের।
বলো হরিবোল ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস।
আড্ডায় দেদার খিস্তি, অবান্তর কথা, ইয়ার্কি।
হ্যাপি বার্থডে গান গাইছে ললিপপ মার্কা নারী পুরুষেরা।
নর্দমার পাঁকের গন্ধে গা গুলিয়ে উঠছে।
গাছ কাটা ও গাছ লাগানো ফ্যাশন।
হারিয়ে যাওয়া পুকুর ও দীঘির উদ্দেশ্য গঙ্গায় দুধ ঢেলে পূজো করছে ধর্ম ব্যবসায়ীরা।
জলকষ্টের ভবিষ্যতকে ভয় না পেয়ে, দেদার জল নষ্ট করছে গেঁড়ে মদন ও ময়নারা।
আর ধুলোবালি মাখা পৃথিবীতে উদাস ভাবে বসে আছে ঈশ্বর ও পাগলা নিতাই
"ফিরে আসুন নেতাজী "
সারা দেশজুড়ে যখন বাড়ে আবর্জনা , পঙ্কিল পথে যখন প্রতি পদক্ষেপে হোঁচট , তখন বারে বারে আপনাকে মনে পড়ে সুভাষ বোস ।
নেতাজী আর একবার করুন সেই আহ্বান , চাই চেতনার অভ্যুথান এই ভারতজুড়ে , আবার আজাদ হিন্দ ফৌজ পথে নামুক মাথা উঁচু করে ।
হ য ব র ল প্রশাসন যখন বিকোচ্ছে বিদেশের কাছে ,
মাতৃভূমির শরীরময় জড়াচ্ছে সোনার শিকল ।
স্বাধীনতা যেখানে প্রহসন অথবা কৌতুকী ,
তখন বারবার আপনাকে মনে পড়ে নেতাজী ।
যদি প্রাণ যায় যাক , বয়ে যাক রাজনীতির নোংরামো ,
শেষ হোক ভ্রষ্টাচার আর দুর্নীতি
পূর্ন হোক আমাদের এই মনস্কামনা , ফিরে এসে নেতাজী সুভাষ করুন সেই আহ্বান , চাই চেতনার অভ্যুত্থান এই দেশজুড়ে ।
"আলো"
শান্ত পৃথিবীর
ক্লান্ত মানুষেরা
হৃদয় ছোঁয়া গান
কাঁদতে বলেনা ।
আলোয় অন্ধকার
অন্ধকারে আলো ,
আঘাত আসে সমস্যার
তবু জীবনকে
বাসতে হবে ভালো ।
দূর করে দাও অন্ধকার
আলো আসুক আলো ।

No comments:
Post a Comment