শ্যামাপ্রসাদ সরকারের দুটি কবিতা--
অবতরণিকা
সেদিন তবু তুমি আসবে বলেছিলে,
সে ঘনঘোর রাত্রির উষ্মায়,
তখন দুটো হাত ছড়িয়ে খুঁজতাম,
যদি,একবার এসে দাও নিষ্কলঙ্ক আশ্রয়
যদি দাও, অন্য জীবনের স্বাদ...
তারপর আস্তে আস্তে বেলা বাড়ল,
তোমার সিঁথির প্রবজ্যা ক্রমশ ঘনিয়ে এসে,
আস্তে আস্তে এসে ছুঁয়ে গেল গালের লালিমা
তারা সব এতকাল অচৈতন্যে যেন ঘুমিয়েছিল।
তবুও দেখ, কি দূর্বিষহ আর নিষ্করুণ হৃদি!
তোমার পাশটিতে থেকেও থাকতে দিলনা আজ,
কেবল দূরে ফেলে রেখে একাকী হতবাক,
যত্নশীল সময় এসে নৈকট্যকে করেছে অসম্মান,
আর দিয়ে যায় মলিনতার একাংশী আবহ,
বলে যায়, " শেষের শুরু হল আজ থেকে "!
তাও বিশ্বাস করবে কি আর?
দুটো হাত ছড়িয়ে আজও চেয়েছি বহুবার,
যদি তুমি একবার এসে দাও নিষ্কলঙ্ক আশ্রয়!
জীবনের অন্যখানে নিয়ে গিয়ে আমায়,
অথবা নিয়ে যেও জীবন চলে গেছে যেখানে......
.....
রাইযাপন ! আবার
রাই, রাত কেটে আবার একটা ভোর!
পুবের জানালায় আসছে সর্বনেশে আলো
তোমার কথা ভাবতে ইচ্ছে করছে!
তাই পোস্টকার্ডটা জড়িয়ে নিচ্ছি অযথা
অনেক কথা বলার আগেই যদি,
থেমে যায় কলমের সাবলীলতা
তাই ভয় পাচ্ছি! চিন্তাও হচ্ছে
তোমার গ্রীবায় থাকুক সূর্যমুখী আলো,
সর্বাঙ্গে থাকুক অকাল জ্যোৎস্নার মায়া,
ওষ্ঠে থাকুক রূপোলী কুঞ্চন,
আর শস্যভাণ্ডারে থাকুক সঞ্চয়ের সুডৌল আঙ্গিকটুকু।
আজ তবে এইটুকু কথাই থাক
শরীরে বিভ্রম লেগেছে এখন
তোমার কথা ভাবতে ভাবতে,
আমার এখনো বেপরোয়া হতে ইচ্ছে হয়!
যদি অদেখা আসঙ্গের পরে পাই,
সেই "পিরীতি গরল ভেল..."!
........
No comments:
Post a Comment