চির নতুন
করবী দাস
দেখতে দেখতে শেষ হল আরও
একটা বছর।
পুরোনো হল সেও
বিদায় নিল জীবন থেকে
জীবনের বয়স বাড়িয়ে দিল এক বছর।
বছর শেষের দিনে প্রতিবছরই ভাবি,
কী ভুল ছিল চলার পথে,
কীভাবে চলা উচিত ছিল,
কাকে ঠকিয়েছি- তার অনুশোচনাতে ভাবি—
না, আসছে বছর আর না।
ঠিক করে নিই–
নতুন বছরে ত্যাগ করব কী,
আর গ্রহণ করব কাকে,
নিজেকে ঠিক করে চালাতে।
আশা রাখি এ বছর যা হল না
আসছে বছর হবে।
সবই ভাবি নিজের মতো করে,
কিন্তু এই একটা বছর শেষের সাথে
তোমার বয়স আমার জীবনেও তো
বেড়ে গেল একটা বছর- তাই না?
তুমিতো পুরোনো হলে না!
বছর শেষের দিনে এ অনুশোচনাবোধ হয় না কেন-
নিজের মনকে কেন ঠকালাম্
কেন করেছি চলার পথে
প্রতিবছরই একই ভুল,
কেন প্রতিবছর শুরুর নতুন তালিকায়
একথাটা রাখিনি-
এ বছর আর তোমাকে ভাবব না,
এ বছর আর উদাসীন হব না,
নিজেকে আর কাঁদাব না,
তোমাকে; তোমাকে আর ভালোবাসব না।
কই, এগুলোতো মনে হয় না!
কেন?
এ আশারও মনে স্থান নেই
তুমি গত বছর আসনি
এ বছর আসবে আমার জীবনে,
গত বরষায় ভিজিনি একসাথে
এ বরষায় ভিজব দুজনে,
গত বসন্তে হয়নি দেখা
এ বসন্তে হবে,
আমি বিরহ কবিতা আর লিখব না-
সব সুখের কবিতা লিখব।
জানি,দেখতে দেখতে শেষ হবে এবছরটাও
তোমাকে ভালোবাসতে বাসতে পুরোনো হবে সেও—
আবার আসবে নতুন বছর
তোমাকে ভালোবাসার জন্য....
শুধু পুরোনো হব আমি
পুরোনো হবে বছরগুলো
পুরোনো হবে জীবন-
তবু নতুন থাকবে তুমি
আমার অন্তরের কামারাতে বন্দি হয়ে...
No comments:
Post a Comment