শান্ত শীতলপাটি
রবীন বসু
অবশিষ্ট ক্ষোভ নিয়ে রাত্রি দাঁড়িয়েছে
হিম পড়ে শব্দহীন, তারারা তাকিয়ে
অসহায় মানুষেরা ঘুমিয়ে কাঁদছে
স্বপ্নে কেউ জেগে আছে? অধরা ইচ্ছারা
ফাঁকা মাঠে গোড় দেয়, বিষণ্ণ বাতাস
গ্রাম ছাড়ে, অহরহ আক্রান্ত পৃথিবী
দীর্ঘশ্বাস ঘাড়ে নিয়ে হেঁটেছে নীরবে;
তবু এই নীলবর্ণ আলোর উদ্ভাস
লুপ্তপ্রায় সভ্যতার জেগেওঠা গান
নির্বাক জাগিয়ে রাখে নিদ্রাহীন রাত
সব ক্ষোভ উপশম, নিবৃত্তির ডাক
আমাকে দিয়েছে এক শান্ত শীতলপাটি।
No comments:
Post a Comment