মোহনবাঁশি
কৌশিক চক্রবর্ত্তী
মোহনবাঁশির সুর ধরে নিই আজ
অন্য সবই বড্ড চেনা সাজ
সেই সাজে কেউ লুকিয়ে রাখে মন
চোখ ফেরালেই গোপন বৃন্দাবন।
শ্যামের হাতে নাচবে গহীন শোক
রাইকিশোরী চোখ তুলে পার হোক
মন যমুনাও শুনবে পাড়ের ডাক
সন্ধ্যা নামুক। সবাই ফিরতে চাক।
দোল খেলে তাও রঙ ছোঁবেনা ভারি
ব্রজের বালক চাইবে সে পিচকারী
অন্ধজনেও রাস্তা খুঁজে নিয়ে
আঁচল পেতে রাখবে দুহাত দিয়ে।
ভিড় জমেছে নদীর ধারে এখন
কে ছুঁয়েছে মোহনবাঁশি দ্যাখো
সময় হলে সব রাখালই ফিরে
জন্মভিটে খুঁজবে এ মন্দিরে।
যে সুর বাজে কুঞ্জবনের বাঁকে
ছায়ার চাদর ঋণ করে বৈশাখে
তৈরি হলে আপনজনের ঘর
কে জাগে আর কে হয় নিশাচর।
নিকুঞ্জবন ঠিক যমুনার গায়ে
বটের কানন ভিজিয়েছে নিষ্ঠায়
কখন শ্যামের অঙ্গরাগের মতো
ঢেউ হয়ে ফের ডুবিয়েছে সব ক্ষত।
মোহনবাঁশির মুখ হয়েছে ভার
মন যমুনায় বন্ধ পারাপার
কড়ির দরে নৌকা ফেরায় যারা
রাইদুলালির একপেশে আশকারা।
দান করে যায় সেই দুহাতে ঘেঁষে
ব্রজের ধুলোও ভাগ হবে সব শেষে
কার ভাগে আর পড়বে ভিটের টান
বাঁশির মতোই রোজ হবে সন্ধান।
বংশীবটও মনভোলানো চোখে
ছায়ার নুটি ভাগ করে অন্ধকে
এমন দিনে কে বিলোবে আলো
মোহনবাঁশি তক্ষুনি জন্মালো।
No comments:
Post a Comment