Sunday, 2 January 2022

অভিষেক ঘোষের গুচ্ছ কবিতা --

অভিষেক ঘোষের গুচ্ছ কবিতা --

ভালো লাগে

একটা মেয়ে, শরীরের বহু পুরাতন 
মচকা ব্যথার মতন চেনা । 
আরামকেদারার একপাশে এলিয়ে দেওয়া 
অবসন্ন হাতের মতো, সে, 
সাগরপারে একা শুয়ে থাকে । 
আর তার দীঘির মত চোখে 
সহসা অবুঝ অভিমান ভর করে । 
তার আলতা-পরা পায়ে, অবুঝ পঙক্তিবদ্ধ 
কবিতারা ধুলোবালির মতো লেগে থাকে । 
আমার চোখে চোখ রাখলেই দেখি, ভিতরে 
রক্তিম শূন্যতা, যেমন সন্ধ্যায় দিগন্তের কোলে 
দিনের ক্রন্দন । ওর বাতাসে ওড়া ইতস্তত চুলে, 
প্রশমিত হয় আমার কপালের উত্তাপ - 
বড়ো ভালো লাগে ।



২  বর্ষামঙ্গল
    

নির্বিরোধী শাকাহারী মেঘেদের দল,
নত মুখে আড়াআড়ি ছুঁড়েছিল জল ।
আমি বহু পথ ঘুরি ছপছপ পায়ে,
দেখেছি কাদার দাগ শুকিয়েছে গায়ে ।
আশাতীত সরলতা বর্ষার জলে,
দুঃসময়ের স্মৃতি মুছেছে বাদলে ।
ছাতার কোণায় লেগে জলের কাহন,
দাঁড়িয়ে ভিজেছি তবু জোটেনি বাহন ।

সহসা মাতাল হাওয়া উঠেছিল পথে,
চঞ্চল আঁচল সামলালে কোনোমতে ।
অরাজক বুকখানা বাসনা জাগিয়ে,
নিমেষে উধাও হয় গলিমুখ দিয়ে ।
পলাতকা চেয়েছিলে একবার ফিরে,
মুহূর্ত অক্ষয় হল, দ্যোতনা শরীরে ।



৩  ভালোবাসি
          

শুধূু  একটা  শব্দ...  'ভালোবাসি'
উচ্চারণ-মাত্রই  মাথা  নীচু  করে  নেয়,
সমস্ত  উচ্ছৃঙ্খল  যুবক  ।

অনাদরে  ক্ষয়ে  যেতে  বসা  হৃদয়ে
অবদমনের  শুঁয়াপোকা  বদলে  যায়
রামধনু-রঙা  প্রমত্ত  প্রজাপতিতে...  ।

আবেশে-আদরে  দোল  খেয়ে  ওঠে  সমস্ত
তরুণ  তরুর  মাথা,  সবেগে  নত  হয়  ফুলগুলি, 
নিবেদনের  মাধুর্য  নিয়ে কোলে  ঝরে  পড়ে  ।

বার্ধক্যের  বিব্রত,  করুণ,  কুঞ্চিত  চর্মে
জাগে  সবুজের  উদ্ভাস !

তাই... ভালোবাসতে  শেখার  মানে,
কচি  পাতার সোহাগ  প্রাণে...
সহস্র  স্নিগ্ধ  সুরভি  ঘ্রাণে
আর  পা  ফেলা  অসাবধানে  !


8   দাওয়া-তে দাওয়াত


পাকা ধানের উপর উজ্জ্বল সূর্য কিরণের মতো, 
অপরূপ হাসি । সস্তা প্লাস্টিকের চুড়ি পরা হাতে,
দুটো সদ্য ভাজা পাঁপড় ধরে, হাসি মুখে বলা, 
"কই... আর দুটো নাও !"

টাইম টেবিলে দেখেছিলাম, দুটো কুড়িতে ট্রেন । 
এখন ঘড়িতে বাজে, একটা পঞ্চাশ । 
হাত মুখ ধুয়ে প্রস্তুত হতে অন্তত 
দশ মিনিট তো লাগবেই । স্টেশনে যেতে 
আরো দশমিনিট । তবু এই ট্যালট্যালে ঝোল 
আর গরম ভাতের সুবাস, এই কাঁচা লংকা, 
আধখানা পেঁয়াজের আন্তরিকতা ছেড়ে, 
উঠে যেতে মন চায় না । ট্রেন ছেড়ে গেলে, যাক্ ! 
আমি আরেকটু বসে যেতে চাই 
ধানক্ষেতের শিরোনামহীন মলাটে আঁকা, 
এই অপরিচয়ের রহস্যমাখা, পল্লির প্রান্তে, 
এই মাটির দাওয়া-র দাওয়াতে ।


৫  নিশ্চিন্তির ঘুম

সব কেমন অভ্যাস হয়ে যায় না ?
ঘাগুলো, আঘাতগুলো, পাষণ্ড অভাবগুলো !
কিছুই আর বিচলিত করে না !
প্রতিবাদ জাগে না পাষাণ বুকে !
বন্ধু হারায় একে একে, স্নিগ্ধ সব সম্পর্কও,
শৈশবের জ্যামিতি বক্সের চাঁদা, 
কম্পাস, রবারের মতো ।

এই বহমান পাঁক, এই মোহ, মিথ্যে জাঁক,
দেখে ঘৃণা হয় না ! হয়তো চোখ ফিরিয়ে নেওয়া 
সহজ বলেই, নাকি লোভ ? যেটুকু আছে, 
পেয়েছি যেটুকু, সেটুকু হারানোর ভয়ও ?
আমাদের ঘিরে থাকে আপাতশান্তির 
তুলোর বালিশ, আমরা দেয়ালা-রত শিশুর মতো নিশ্চিন্ত আঙুল চুষি আর ঘুমাই ।



***লেখক পরিচিতি : পেশায় স্কুল শিক্ষক, বিষয় বাংলা ভাষা ও সাহিত্য । গত দশ বছরে আনন্দবাজার পত্রিকা-সহ, বার্তা, পথ, দিগন্ত ইত্যাদি বিভিন্ন পত্র-পত্রিকা এবং দক্ষিণের জানালা, এবং সইকথা, ইচ্ছেকথা ইত্যাদি ওয়েবজিনে প্রবন্ধ, কবিতা, গল্প, চলচ্চিত্র সমালোচনা নিয়মিত প্রকাশিত হয়েছে । এছাড়াও 'শব্দের অভিযান' শীর্ষক কবিতা সংকলন প্রকাশিত হয়েছে ।

No comments:

Post a Comment

শম্পা বণিকের তিনটি কবিতা --

শম্পা বণিকের তিনটি কবিতা --  রোড শো ২০২১  ------------------------ আলাদিনের চিরাগ হাতে ওই আসে গণতন্ত্র রামধনু পায়রা উড়িয়ে.......